বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৭ মে, ২০২৬
নারী

তাইওয়ানের প্রধান বিরোধী দলের প্রধান নির্বাচিত হলেন চীনপন্থী নেতা চেং

WhatsApp Image 2025-10-19 at 17.11.52_bbe1e815

তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাংয়ের (কেএমটি) নতুন প্রধান নির্বাচিত হয়েছেন চেং লি-ওন, দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে কাজ করেছেন তিনি।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়োমিনতাংয়ের বিবৃতিতে বলা হয়েছে—চেং লি-ওন ৫০ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ছয় প্রার্থীকে পরাজিত করেছেন এবং তিনি দলের তৃতীয় নারী প্রধান। বর্তমান সভাপতি এরিক চু এই প্রতিযোগিতায় অংশ নেননি।

জয়ী হওয়ার পর চেং বলেন, ‘নির্বাচনের সমাপ্তি মানেই ঐক্যের শুরু। আমরা শুধু কেএমটি-কে নয়, পুরো তাইওয়ানকে একত্র করব।’

নির্বাচনী প্রচারের সময় চেং বলেন, ‘আমি চাই সব তাইওয়ানবাসী গর্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারুক, আমি চীনা।’ তিনি বারবার ১৯৯২ সালের সংবিধানভিত্তিক দৃষ্টিভঙ্গির সমর্থন জানিয়েছেন, যা কুয়োমিনতাং অনুমোদিত এবং বেইজিং এর ব্যাখ্যা অনুযায়ী দুই পাশের অঞ্চলই এক চীনের অংশ।

তবে প্রেসিডেন্ট লাই চিং-তের প্রশাসন এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, তাইওয়ান একটি বাস্তব স্বাধীন দেশ, যার বৈশ্বিক স্বীকৃতি বাড়ানো উচিত। চেং-এর জয় লাই-এর সামরিক বাজেট বৃদ্ধির প্রচেষ্টা আরও কঠিন করতে পারে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান সামরিক সমর্থক এবং চীনের বিরুদ্ধে তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে লাই-কে উৎসাহিত করছে।

গত শনিবার চেং বলেন, ‘বহির্বিশ্ব সম্পর্কের ক্ষেত্রে আমরা সমতা, সম্মান ও পারস্পরিকতার নীতি মেনে চলব। আমরা কখনো তাইওয়ানকে ভূ-রাজনীতির খেলায় সমস্যার কারণ বা শিকার হতে দেব না।’

১৯৪৮ সালের পর চিয়াং কাইশেক তাইওয়ানে আশ্রয় নেওয়ার পর পরবর্তী কয়েক দশক ধরেই একক শাসক হিসেবে অঞ্চলটি শাসন করেছে কুয়োমিনতাং। পরে দ্বীপটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শুরু হলে ক্ষমতাচ্যুত হয়। চীনের সঙ্গে একীকরণের পক্ষপাতী হওয়ায়, বেইজিং দলটিকে প্রিয় আলোচক হিসেবে বিবেচনা করে।

চেং বলেন, ‘আমার লক্ষ্য কেএমটি-কে আমার মেয়াদকালে তাইওয়ানের সবচেয়ে বড় দল হিসেবে গড়ে তোলা এবং ২০২৮ সালে পুরো ক্ষমতা গ্রহণ করা।’

চেং-এর জয়ী হওয়ার পর, ডিপিপির এক মুখপাত্র বলেন, তারা আশা করেন নতুন কেএমটির চেয়ার তাঁর দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং তাইওয়ানের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থের ওপরে রাখবেন। তিনি চেং ও তাঁর দলকে চীনের প্রভাব ও অনুপ্রবেশ থেকে সতর্ক থাকার জন্য সতর্ক করেছেন এবং বলেছেন, সব রাজনৈতিক দলকে মিলিতভাবে জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে হবে।

সূত্র: ব্লুমবার্গ