বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

সোবহানা-রুবায়ার ব্যাটে লড়াকু স্কোর বাংলাদেশের

WhatsApp Image 2025-10-16 at 8.27.45 PM

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাহসী এক লড়াই চালালো বাংলাদেশ নারী দল। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করেছে নিগার সুলতানার দল। ওপেনিংয়ে ধৈর্য, মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং—পরিকল্পনার সেই ছাপ পাওয়া গেল পুরো ইনিংসজুড়েই।

বিশাখাপত্তমে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে রুবায়া হায়দার ও ফারজানা হক তুলে দেন ৩২ রান। ফারজানা ফিরে যান ৮ রানে, তবে রুবায়া ধীরস্থির শুরুটা বড় ইনিংসে রূপ দিতে চেয়েছিলেন। ৫৯ বলের ইনিংসে আটটি চারে ৪৪ রান করে বিদায় নেন তিনি।

তিনে নামা শারমিন সুপ্তা ১৯ রান করে থেমে যান, এরপর অধিনায়ক নিগারও ফিরেন ১২ রানে। একপর্যায়ে স্কোরবোর্ডে ছিল ৪ উইকেটে ১০৪ রান।

চাপের মুখে দাঁড়িয়ে দলের হাল ধরেন ইনফর্ম ব্যাটার সোবহানা মুস্তারি। এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। ৮০ বলে ৯টি চারের মারে সাজানো এই ইনিংসেই মূলত দাঁড়িয়ে গেছে বাংলাদেশের স্কোর।

শেষদিকে স্বর্ণা আক্তার ও ঋতু মনি একটু বেশি সময় টিকলে স্কোর ২০০ পারও হতে পারত। তবু সোবহানার ব্যাটে দুইশ’র কাছাকাছি পৌঁছে গেছে দল।

অস্ট্রেলিয়ার বোলাররা যথারীতি নিয়ন্ত্রিত ছিলেন। গার্ডনার, সাদারল্যান্ড, কিং ও ওয়ারেহাম প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট। তবে পিচ ও কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, তাতে ম্যাচটা এখনও খোলা রেখেছে তারা।