বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
স্পটলাইট

টিকটকে সহজ সার্চেই মিলছে প/র্নোগ্রাফিক কন্টেন্ট

WhatsApp Image 2025-10-13 at 14.05.02_f4e3653d

জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক। তবে এর সার্চ অ্যালগরিদম নিয়ে উদ্বেগ দিনদিন বেড়েই চলছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস–এর তদন্তে উঠে এসেছে, টিকটক তার সার্চ সাজেশন শব্দের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পর্নোগ্রাফিক কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।

প্রতিবেদনটি প্রকাশ পায় এমন সময়ে, যখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন নিরাপত্তা রক্ষায় নতুন আইন কার্যকর হচ্ছে। গত বছরও টিকটকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। যেখানে অভিযোগ ছিল, এই অ্যাপটি কিশোর–কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

গ্লোবাল উইটনেসের তথ্য অনুযায়ী, টিকটকে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়সসীমা ১৩ বছর। তারা ৭টি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলেছিল যেগুলো ১৩ বছর বয়সী ব্যবহারকারীর পরিচয়ে চালানো হয়। এসব ফোন সম্পূর্ণ ফ্যাক্টরি–রিসেট করা ছিল। যাতে আগের কোনো সার্চ হিস্টোরি না থাকে। তারপরেও সার্চ দিলেই পর্নোগ্রাফিক কনটেন্টের সাজেশন আসছিল।

এ প্রসঙ্গে টিকটকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা এই অভিযোগের বিষয়টি জানার পরপরই তদন্ত শুরু করেছি। সার্চ সাজেশন ফিচারে উন্নয়ন এনেছি এবং নীতিভঙ্গকারী কনটেন্ট মুছে ফেলেছি।” তিনি আরও জানান, কিশোর ব্যবহারকারীদের সুরক্ষার জন্য টিকটকে রয়েছে ৫০টিরও বেশি নিরাপত্তা ফিচার।

Advertisements

কিন্তু গ্লোবাল উইটনেসের তদন্তে বলা হয়েছে, অ্যাকাউন্ট খোলার পর সাতটি পরীক্ষামূলক অ্যাকাউন্টেই মাত্র কয়েকটি ক্লিকের মধ্যে টিকটক পর্নোগ্রাফিক কনটেন্ট দেখিয়েছে। 

সংগঠনটি আরও জানায়, টিকটক শুধু নাবালকদের পর্ন কনটেন্ট দেখাচ্ছে না। বরং অ্যালগরিদম ব্যবহার করে তাদের সেই কনটেন্টের দিকেই ধীরে ধীরে ঠেলে দিচ্ছে।

আইনজীবী মার্ক স্টিফেন্স বলেছেন, গ্লোবাল উইটনেসের এই অনুসন্ধান, স্পষ্টভাবে অনলাইন সেফটি অ্যাক্টের লঙ্ঘন।

টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী কিছু কিছু কনটেন্ট প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন- নগ্নতা, যৌন কর্মকাণ্ড বা যৌন সেবার মতো কনটেন্ট প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবুও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকটক নিজেই জানিয়েছে, প্ল্যাটফর্ম থেকে যেসব কনটেন্ট নীতিভঙ্গের কারণে সরানো হয়েছে তার প্রায় ৩০ শতাংশই ছিল সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক থিম সম্পর্কিত।

কোম্পানিটি আরও জানিয়েছে, বিশ্বজুড়ে তারা প্রতি মাসে প্রায় ৬ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে ফেলে। এসব শনাক্তে ব্যবহৃত হয় বয়স নির্ধারণ প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষিত মডারেশন টিম।

যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩ অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করার জন্য বয়স যাচাই ব্যবস্থা চালু করা এখন বাধ্যতামূলক। 

টিকটক জানায়, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকম–এর অধীনে তারা শিশু সুরক্ষায় কঠোরভাবে কাজ করছে এবং কিশোরদের জন্য “গাইডেড মেডিটেশন” ও রাতের নোটিফিকেশন বন্ধ করার মতো ফিচার চালু করেছে।

Advertisements