সমালোচনার কড়া জবাব দীপিকা পাড়ুকোনের

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। যার সূত্রপাত নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গার ‘স্পিরিট’ সিনেমার জন্য দীপিকার রেকর্ড পারিশ্রমিক ও আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি। বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে তর্ক-বিতর্কে জড়িয়েছেন ভারতীয় চলচ্চিত্রজগতের বাসিন্দারা।
কেউ কেউ বলেছেন দীপিকার দাবি যৌক্তিক আবার কেউ সমালোচনার তীর ছুড়েছেন এ বলিউড অভিনেত্রীর দিকে। অনেকে সে সময় তাঁকে নিয়ে কটূক্তি করতেও পিছপা হননি। পক্ষ-বিপক্ষে অনেক বাগ্যুদ্ধের পরও বিষয়টির সুরাহা হয়নি। এ নিয়ে অনেকে নিজ নিজ মত প্রকাশ করলেও দীপিকা মুখে কুলুপ এঁটে ছিলেন। নেটিজেন আর সতীর্থদের বাক্যবাণে জর্জরিত হয়ে এবার আর নীরব থাকা শ্রেয় মনে করেননি এ বলিউড সুপারস্টার। তাই এবার কটূক্তির জবাব দিলেন তিনি।
ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ এবং বহুল আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়াল থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে এবার মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা সরাসরি কোনো ব্যক্তির নাম না নিলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক ‘ডবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
দীপিকার এ দুটি বড় প্রজেক্ট থেকে সরে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে যে খবর উঠে এসেছিল তা হলো- কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে তিনি দৈনিক নির্দিষ্ট আট ঘণ্টা কাজের সময়সীমা দাবি করেছিলেন। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে খবরটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
তিনি বলেন, ‘শুধু একজন নারী হওয়ার কারণে যদি এ দাবিকে অতি-উদ্যোগী বা অতিরিক্ত হিসেবে দেখা হয়, তবে তা-ই হোক। এটি কোনো গোপন বিষয় নয়, ভারতীয় চলচ্চিত্রের বহু সুপারস্টার পুরুষ বছরের পর বছর ধরে দৈনিক আট ঘণ্টা কাজ করছেন অথচ এ নিয়ে কখনো আলোচনা হয় নি।’
দীপিকা আরও বলেন, ‘আমি এখন কারও নাম নিতে চাই না, তবে সবাই জানে অনেক পুরুষ অভিনেতা সোমবার থেকে শুক্রবার দৈনিক আট ঘণ্টা কাজ করেছেন, এমনকি তাঁরা সপ্তাহান্তে একেবারেই কাজ করেন না। অথচ তাদের বেলায় সবাই চুপ, কিন্তু কটাক্ষের শিকার হতে হচ্ছে আমাকে। কেউ ভাবছে না, কটূক্তি করার আগে আসল কারণটা জেনে নেওয়া উচিত ছিল। আমি বলব, সিনেজগতে যা ঘটছে তা যথাযথ কিনা, তা নিয়ে আগে কথা বলা উচিত।’
দীপিকার এ মন্তব্য বলিউড ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষের কর্মপরিবেশ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তার মতে, শিল্পের অগ্রগতি তখনই সম্ভব, যখন সেখানে মানুষের প্রতি সম্মান ও ভারসাম্য বজায় থাকে। এতদিন পর মুখ খোলার মধ্য দিয়ে এ বলিউড ডিভা ভারতীয় সিনেমা নির্মাতাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে এটিও স্পষ্ট করেছেন, কী কারণে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়াল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।



