৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই মা হচ্ছেন এই নায়িকা। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এই খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
ভিকির ভাই সানি কৌশল জানিয়েছেন, এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে।

জানা যায়, ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন গত বছর থেকেই চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। সম্প্রতি ক্যাটরিনার স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবি প্রকাশ করে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এই সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারে সবাই খুবই খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, “এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তায়ও আছে! আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় রয়েছি।”
ক্যাটরিনার ভাবনা নতুন নয় বিয়ে ও সন্তান নিয়ে। ভিকিকে বিয়ের প্রায় এক দশক আগেই ক্যাটরিনা পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দিয়েছেন।



