১৯ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৪ আশ্বিন ১৪৩৩
নারী

নরসিংদীতে নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ কর্মশালা

nrsdt_nr_udyktdr_jny_bryk_bykr_djtl_krmsl

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে তিন দিনব্যাপী একটি ডিজিটাল কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন স্থানীয় ৩০ জন নারী উদ্যোক্তা।

সম্প্রতি নরসিংদীর কো-অপারেটিভ জোনাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান। উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, বাজারে প্রবেশের পথ তৈরি এবং অন্য নারীদেরও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দেওয়াই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

এই প্রশিক্ষণ ব্র্যাক ব্যাংকের সিগনেচার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’-এর অংশ, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের জন্য সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক ব্যবস্থাপনায় জ্ঞান বাড়ানো।

কর্মশালায় বিডিওএসএনের প্রশিক্ষকেরা ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবসা এগিয়ে নেওয়ার কৌশল তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিওএসএন সভাপতি মুনীর হাসান এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের হেড অব কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস কাজী দিলরুবা আক্তার।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন,
“নারী উদ্যোক্তারা দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। আমরা ‘আমরাই তারা’র মাধ্যমে শুধু অর্থায়নই করছি না, বরং তাদের ডিজিটাল দক্ষতা বাড়াচ্ছি, যাতে তারা পরিবর্তনশীল বাজারে প্রতিযোগিতা করতে পারেন।”

ইতিমধ্যে ব্র্যাক ব্যাংক দেশের ২০টি জেলায় তিন হাজারেরও বেশি নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ব্যাংকটি জানায়, নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়ন ও ডিজিটাল সক্ষমতা নিশ্চিত করে জাতীয় অর্থনীতির বিকাশে অবদান রাখাই তাদের লক্ষ্য।

Advertisements
Advertisements