বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বিনোদন

বুসানে জুলাই মেমোরিয়াল প্রাইজে নারীকেন্দ্রিক সিনেমা ‘কুরাক’

IMG-20250926-WA0002

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী অধিকারের সংগ্রাম ও কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়ে নির্মিত সিনেমা ‘কুরাক’ পেয়েছে জুলাই মেমোরিয়াল প্রাইজ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্রটির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে এ সম্মাননা তুলে দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভিশন এশিয়া’ শাখায় প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তু বিবেচনায় এ বছর থেকে প্রবর্তিত এ পদকের জন্য ‘কুরাক’ নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া এ পুরস্কারটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। পদকের অর্থমূল্য ১ লাখ দক্ষিণ কোরিয়ান ওন।

নারীভিত্তিক এই কাহিনিচিত্রটি শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভ দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেপ্তারে ভেঙে যায় সমাবেশ। সেখান থেকে গল্প এগোয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজাকে কেন্দ্র করে। তাদের অভিজ্ঞতার সঙ্গে জুড়ে যায় নারীর অধিকার আন্দোলনের প্রদর্শনী, পারফরম্যান্স আর্ট ও আর্কাইভ ফুটেজ, যা বাস্তবতার প্রতিবিম্ব তৈরি করে।

নামের মতোই—‘কুরাক’ (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—চলচ্চিত্রটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রিত হয়ে নিপীড়নের দেয়াল ভেদ করে শক্তিশালী প্রতিরোধের আওয়াজ তোলে।