যৌন সহিংসতার বিচার দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আধা বেলা অবরোধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গতকাল বুধবার এ অবরোধের ডাক দেয় ‘জুম্ম ছাত্র–জনতা’
অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। ফলে ঢাকাসহ সারা দেশ থেকে আসা সাজেক ও খাগড়াছড়িগামী পর্যটকেরা আটকা পড়েছিলেন। তবে শহরের ভেতরে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



