ঘরোয়া ক্রিকেটে বিরতি নিচ্ছেন নারী দলের অধিনায়ক জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও শ্রীলঙ্কায় পাড়ি জমাচ্ছে বাংলাদেশ নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত আট দলের অংশগ্রহণে বসবে এই বৈশ্বিক আসর। তবে টুর্নামেন্ট শেষে ঘরোয়া ক্রিকেটে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের আগের সংবাদ সম্মেলনে জ্যোতি জানান, নিয়মিত খেলার কারণে তার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তাই বিশ্রামের মাধ্যমে নিজেকে আরও ফিট করতে চান তিনি।
জ্যোতির ভাষায়, “গত ছয় মাস ধরে টানা খেলছি। শরীরকে ম্যানেজ করা খুব জরুরি। জাতীয় দলে থাকতে হলে শতভাগ ফিট থাকা প্রয়োজন। তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে এই বিরতি শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়। বিশেষ করে নারীদের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আর অংশ নেবেন না বলে জানান তিনি।
জ্যোতি বলেন, “এটা জাতীয় দল থেকে সরে দাঁড়ানো নয়, শুধু এনসিএল থেকে বিরতি। আমার জায়গায় অন্যরা খেলুক, ওটাই চাই। বিশ্বকাপ শেষে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব।”
এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল খেলেছে অনূর্ধ্ব–১৫ ছেলেদের বিপক্ষে। তবে সেই সিরিজে প্রত্যাশিত সাফল্য আসেনি।
প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, “প্রস্তুতি হয়তো আদর্শ হয়নি। কিন্তু সুযোগ যতটুকু ছিল, আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। কয়েকজন খেলোয়াড় বাইরে থেকেও যুক্ত হয়েছিল। তবুও স্বীকার করছি, আমরা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে পারিনি।”



