বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতেই স্কলার্সহোমের ব্যতিক্রমী আয়োজন

সিলেটে অবস্থিত ‘স্কলার্সহোম স্কুল’ শিবগঞ্জ শাখায় প্রতিবারের মতো এবারও স্কুল প্রশাসন নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে একটি বিজ্ঞান মেলা আয়োজন করেছে।
১৫ সেপ্টেম্বর সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, গবেষণার দক্ষতা এবং সমালোচনামূলক ভাবনার বিকাশ ঘটে। এর ফলে তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হয় এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পেশার দিকে ধাবিত হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ শনিজ ফাতেমা ইব্রাহিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রজেক্টগুলোর জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এই মেলায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মোট ২০টি মনোমুগ্ধকর ও সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করে। প্রজেক্টগুলোর মধ্যে ছিল:
পরিবেশবান্ধব প্রযুক্তি
সহজ বৈজ্ঞানিক যন্ত্রপাতি
দৈনন্দিন জীবনের সমস্যার সৃজনশীল সমাধান
“নদীর পানি পরিষ্কারের নৌকা” নামের একটি প্রকল্প বিশেষভাবে সাড়া ফেলে। এতে নদীতে ভাসমান আবর্জনা, প্লাস্টিক, পলিথিন ও পাতা ইত্যাদি সংগ্রহের মাধ্যমে নদী ও পরিবেশকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প তৈরিতে শিক্ষার্থীরা বিশেষভাবে সুরমা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখে।
অনুষ্ঠানটি কেবল শিক্ষার্থীদের জ্ঞান বাড়ায়নি, বরং তাদের কল্পনা ও গবেষণামূলক মনোভাবকে প্রসারিত করেছে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার পথ প্রশস্ত করেছে। বিচারকের দায়িত্ব পালন করেন ফারজানা ইয়াসমিন, শারমিন সুলতানা, বিথী মৈত্র, মুক্তা ধর ও হোসনে আরা পপি।



