রাজধানীর দক্ষিণখানে বাসা থেকে নারীর ঝু/লন্ত ম/রদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান থেকে রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক কাজী অফিসের মোড়সংলগ্ন একটি বাড়ির ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের সঞ্জু রোজারিওর মেয়ে রিনা মনিকা কস্তা এবং একই এলাকার হিউবার্ট কস্তার স্ত্রী।
ছোট ছেলে অন্তর রোজারিও বলেন, তাঁর বড় ভাইয়ের কাছ থেকে ফোনে জানতে পারেন, মা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রেখেছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে বড় ভাই জানালা দিয়ে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অন্তর রোজারিও আরও বলেন, ফয়সাল (২৮) নামের এক যুবক, তিনি তাঁদের বাসায় আসতেন। বাসায় প্রায়ই ফয়সালের সঙ্গে মায়ের বাগ্বিতণ্ডা হতো। ঘটনার আগেও ফয়সালের সঙ্গে মায়ের তর্কবিতর্ক, এমনকি হাতাহাতি হয়। একপর্যায়ে ফয়সাল পাশের ঘরে চলে যান আর মা ঘরের দরজা বন্ধ করে দেন। মায়ের মরদেহ উদ্ধারের পর ফয়সাল পালিয়ে যান।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, গতকাল রাতে ১১টার দিকে খবর পেয়ে তাঁরা দরজা ভেঙে ওই নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছেন। এসআই শাহীন আলম আরও জানান, মনিকা কস্তা ও তাঁর স্বামী হিউবার্ট কস্তার মধ্যে সম্পর্কের অবনতির কারণে তিন বছর ধরে তাঁরা আলাদা থাকেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



