বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

raksu nari

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৬৩ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এবারই প্রথম কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া এই প্রার্থী তাসিন খান, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

রাকসু প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন। এর আগে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে একাধিক নারী প্রার্থী নির্বাচনে অংশ নিলেও কোনো নারী প্রার্থী এখন পর্যন্ত ভিপি পদে অংশ নেননি।

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ২১ সদস্যের ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেলের ভিপি পদে লড়বেন তিনি। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও  সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম।

তাসিন খান বলেন, ‘চাই না যে এই ক্যাম্পাসটা দলের ক্যাম্পাস, লীগের ক্যাম্পাস বা শিবিরের ক্যাম্পাস হিসেবে পরিচিত হোক’। তিনি আরও বলেন, আমরা দেখেছি যে নারীরা যখনই কোনো সম্মুখসারিতে আসে তখনই তাঁরা কোনো না কোনোভাবে সাইবার অ্যাটাকের শিকার হয় এবং সাথে কিছু নিরাপত্তা ইস্যুও আসে। এমনকি আমাকেও বলা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব মেনে নেওয়া হবে না। মেয়েরাই মেয়েদের বড় শত্রু, মেয়েরা তোমাকে ভোট দিবে না।

সাইবার বুলিংয়ের শঙ্কা নিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়াটা খুবই হতাশাজনক। এখানে সাইবার বুলিংয়ের শিকার হতে পারি। এজন্য আমরা প্রশাসনকে বলেছিলাম একটি সাইবার বুলিং সেল গঠন করার কথা। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। ৫ সদস্য বিশিষ্ট একটি এন্টি সাইবার বুলিং সেল গঠন করা হয়েছে কিন্তু সেটারও কোনো কাজ দৃশ্যমান না। একটা নিস্ক্রিয় কমিটি হয়েছে শুধুমাত্র।

তাসিন খান আরও বলেন, আমরা এমন একটি রাকসু চাই, যেখানে সব মত, শ্রেণি ও শিক্ষার্থী অংশ নেবে। জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি সর্বোচ্চ আশাবাদী।