‘হৃদ্যতার বন্ধন’ নামে নওয়াব ফয়জুন্নেছা হলে পাহাড়ি ছাত্রীদের প্যানেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলে আসন্ন হল সংসদ নির্বাচনে পাহাড়ি ছাত্রীদের একটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। তাঁদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘হৃদ্যতার বন্ধন’। প্যানেলের ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার বিকেলে চাকসু ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী প্রমিতা চাকমা। তিনি বলেন, আমাদের হল নতুন। অনেক সংস্কারকাজ বাকি রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে এসব সংস্কারের দাবিতেই আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা। তিনি বলেন, হলের খাবারের মান উন্নয়ন, লাইব্রেরি সংস্কারসহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়েই আমরা কাজ করব।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মে থুই চিৎ খেয়াং। তাঁর ভাষায়, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়াই আমাদের লক্ষ্য। এজন্যই প্যানেলে সব পাহাড়ি ছাত্রীগোষ্ঠীর প্রতিনিধি রাখা হয়েছে।
প্যানেলের অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন—
খেলাধুলা সম্পাদক: স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা
দপ্তর সম্পাদক: হিসাববিজ্ঞান বিভাগের খিং খিং রাখাইন
সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক: পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া
বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা
স্বাস্থ্য সম্পাদক: পালি বিভাগের অংমে মারমা
রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক: মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা
যোগাযোগ ও আবাসন সম্পাদক: পালি বিভাগের শ্রেয়া তালুকদার
নির্বাহী সদস্য পদে: উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিপ্রা তঞ্চঙ্গ্যা, পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা এবং বাংলা বিভাগের প্রমিতা ত্রিপুরা
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ইতিমধ্যেই মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই সম্পন্ন হবে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।



