বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

ঢাবিতে শিবিরের স্বাস্থ্যবান্ধব পদক্ষেপ: স্যানেটারি ন্যাপকিন মেশিন চালু

vending_20250914_173719389

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজনকেই আমরা অগ্রাধিকার দিই। ভেন্ডিং মেশিন অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। তবে ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় এতদিন সেটি স্থাপন করা হয়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাঃ মহিউদ্দীন খান জানান, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, “আমরা ছাত্ররাজনীতিতে আমূল পরিবর্তন চাই। এর আগে আমরা শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন হলে ঠান্ডা পানির ফিল্টার বসিয়েছি। ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যেতে চাই।”

বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “আমাদের সামর্থ্য সীমিত হলেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এই ভেন্ডিং মেশিন তারই অংশ। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও তাদের প্রয়োজনে পাশে থাকব।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ইতোমধ্যেই স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে ছাত্রশিবির। সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।