চিকেন টাকোস

উপকরণঃ
টাকোর সেল বানাবার উপকরণ
১ কাপ আটা, ১ কাপ ময়দা, ১/২ কাপ মুগডাল বাটা, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ চিলি ফ্লেকস্, ১চা চামচ লবণ, ১/২ চা চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ সাদা তেল।
পুরের উপকরণ
২০০ গ্রাম বোনলেস চিকেনের টুকরো, ১ টা ছোট টমেটো কুঁচি, ১ টা ছোট ক্যাপ্সিকাম কুঁচি, ১ টা পেঁয়াজ কুঁচি, ৫-৬ টা কাঁচা মরিচ কুঁচি, ১চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন অনুযায়ী সরষের তেল।
স্যালাডের উপকরণ
২ টা শসা টুকরো করে কাটা, ২ টা টমেটো টুকরো করে কাটা, ২ টা পেঁয়াজ টুকরো করে কাটা, ৬-৭ টা রসুন কুঁচি, ৪-৫ টা কাঁচা মরিচ কুঁচি, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ চিলি সস, গারনিসিং এর জন্য, পরিমাণ মতো গ্রেট করা চিজ।
প্রণালীঃ
প্রথমে মুগডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিন। এবার সেল বানাবার সব উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে ডো বানিয়ে ১ ঘন্টা রেখে দিন। আলাদা করে পানি দরকার নেই, মুগডাল থেকে পানি বের হয়, তাও যদি মনে হয় লাগবে তবে সামান্য দেওয়া যেতে পারে। এরপর লুচির মতো বেলে ডুবো তেলে ভেজে নিন। এক সাইডে ভাজা হয়ে গেলে,লুচিটাকে মাঝখান থেকে ভাজ করে,অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিন।
এবার একটি কড়াইয়ে তেল গরম করে চিকেনের টুকরো গুলো ক্যাপ্সিকাম কুঁচি, টমেটো কুঁচি, পেঁয়াজ কুঁচি, আদা-রসুনবাটা, কাঁচা মরিচ কুঁচি, স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিন। স্যালাডের উপকরণের সাথে গোলমরিচের গুঁড়া, লবণ, লেবুর রস ও চিলি সস দিয়ে সব ভালো মিশিয়ে দিন। এবার ফাইনালি, টাকোর সেল গুলোর ভেতরে প্রথমে চিকেনের পুর, তার পর স্যালাড ভরে ওপর থেকে চিজ গ্রেট করে দিলেই তৈরি চিকেন টাকোস।



