চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহ/ত অভিনেত্রী কারিশমা শর্মা

বলিউড অভিনেত্রী কারিশমা লাল শর্মা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে চার্চগেটের উদ্দেশ্যে যাত্রা করার সময় ভয়ে তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিলে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুর্ঘটনার কথা শেয়ার করে কারিশমা জানান, শুটিংয়ের উদ্দেশ্যে গতকাল চার্চগেটে যাচ্ছিলেন তিনি। সেদিন শাড়ি পরে ট্রেন ধরার কারণে একটু অস্বস্তি হচ্ছিল। ট্রেনে ওঠার পরপরই ট্রেনের গতি বেড়ে গেলে তিনি বুঝতে পারেন যে, তাঁর বন্ধুরা ট্রেন ধরতে পারেনি। সেই ভয়ের মুহূর্তেই হঠাৎ চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন তিনি।
কারিশমা বলেন, এতে তাঁর মাথায় আঘাত লাগে, পিঠে প্রচণ্ড ব্যথা হয় এবং শরীরে বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা ইতিমধ্যে এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং সম্ভাব্য জটিলতা এড়াতে তাঁকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অভিনেত্রী লেখেন, “আমি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি, তবে মানসিকভাবে দৃঢ় আছি। সবাই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন—আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।”
কারিশমার এক ঘনিষ্ঠ বন্ধু হাসপাতাল থেকে তাঁর একটি ছবি প্রকাশ করে লিখেছেন—“এখনো বিশ্বাস করতে পারছি না। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পর ওর কিছুই মনে নেই। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন, ওর জন্য প্রার্থনা করুন।”
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ কারিশমা শর্মা। পবিত্র রিশতা, পেয়ার তুনে কেয়া কিয়া, ইয়ে হ্যায় মোহাব্বতে, লাভ বাই চান্স, আহট (৬ষ্ঠ আসর) এবং ফেয়ার ফাইলস: ডার কি সাচ্চি তাসবির–এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। এছাড়া রাগিণী এমএমএস: রিটার্নস ওয়েব সিরিজে রাগিণীর চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। সিনেমার মধ্যে উজরা চমন, হাম এবং পেয়ার কা পঞ্চনামা–তেও তিনি অভিনয় করেছেন।



