বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান সুশীলা কার্কি

WhatsApp Image 2025-09-11 at 6.19.56 PM

নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি—এমন আলোচনা জোরদার হয়েছে সরকারের পতনের পর।

কে পি শর্মা অলির পদত্যাগের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) এক ‘জেন-জি’ আন্দোলনের প্রতিনিধি এএফপিকে জানান, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা কার্কির নামই আলোচনায় রয়েছে। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলও বুধবার আন্দোলনকারীদের প্রতিনিধি এবং অন্যান্য পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। তবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

হিমালয়ের এই দেশটি (জনসংখ্যা প্রায় তিন কোটি) দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার মুখে পড়েছে। মঙ্গলবার সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন। সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি রক্ষ্যা বম জানান, “অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য সুশীলা কার্কির নামই সামনে আসছে। আমরা এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

কার্কি নিজেও এএফপিকে বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষজ্ঞদের আলোচনায় বসতে হবে। সংসদ এখনো টিকে আছে, সেখান থেকেই সমাধানের পথ বের করা সম্ভব।”

৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘জেন-জি’ আন্দোলনের সমর্থন পেলেই হবে না, কারণ এই আন্দোলন দেশের সামগ্রিক পরিস্থিতির একক নিয়ন্ত্রক নয়।