জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্যানেলটি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এসময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান।
তানজিলা হোসাইন বৈশাখী বলেন, এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বলেন, জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চাইনি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে। তিনি আরও বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই। এছাড়াও জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বৈশাখী আরও বলেন, শিবিরপন্থী সাংবাদিকরা মিস বিহ্যাভ করেছেন ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে। মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি।
এর আগে সকাল ৯টায় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্র ব্যতিত বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।



