৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। জাকসুতে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ প্যানেল ও তিনটি আংশিক প্যানেল রয়েছে। এ ছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
জাকসুতে এবার মোট প্রার্থীর ২৫ শতাংশ ছাত্রী। ভিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি। জিএস পদে ২জন নারী প্রার্থী রয়েছেন। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ নারী। আর মেয়েদের ৫টি হলে ১৫ পদে কোনো প্রার্থীই নেই।
নির্বাচনে এবার মোট ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৫ জন এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। মোট ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।



