নেপালে ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ

অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে নেপালের সরকার। নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় জানানো হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ভুয়া আইডি ও সাইবার অপরাধের অভিযোগ
সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়ানো হচ্ছে। এর পাশাপাশি সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় সামাজিক সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে প্রায় তিন কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহারকারী হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।
নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতা
সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে বুধবার পর্যন্ত যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধনের সময়সীমা দিয়েছিল। নিবন্ধনের শর্তে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অভিযোগ নিষ্পত্তিকারীর নাম এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
আগেই সতর্ক করা হয়েছিল—এই শর্ত না মানলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সেবায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়নি কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে পদক্ষেপ কার্যকর হয়েছে।
কারা নিবন্ধন করল, কারা করল না
নেপালের যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার মালিকানাধীন কোনো প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি।
সরকারের অবস্থান
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা আমাদের উপেক্ষা করেছে। তাই তাদের সেবা নেপালে বন্ধ করতে হয়েছে।”
অন্যদিকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।



