যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

অ্যাঞ্জেলা রেইনার ফ্ল্যাট কেলেঙ্কারির জেরে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ হচ্ছেন প্রথম মুসলিম নারী, যিনি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকি করে। দায়িত্ব পাওয়ার পর শাবানা বলেন, “জীবনে সবচেয়ে বড় সম্মান আমার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া। সরকারের প্রথম দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমি এ লক্ষ্যেই কাজ করব।”
শাবানা মাহমুদের পরিচয়
১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা। শৈশবের কিছু সময় তিনি যুক্তরাজ্য এবং সৌদি আরবে কাটিয়েছেন। তিনি অক্সফোর্ডের লিংকন কলেজে আইনে অধ্যয়ন করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন।

তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম দিককার মুসলিম নারী এমপিদের একজন। ২০১০ সালে তিনি বার্মিংহাম লেডিওয়ুড আসন থেকে এমপি নির্বাচিত হন। যা তার রাজনৈতিক ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি ছায়া অর্থমন্ত্রী, ছায়া কারাগার বিষয়ক মন্ত্রীসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টি জয়ী হওয়ার পর শাবানা বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হন। বিচারমন্ত্রী থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন।
তবে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে আরও কঠিন দায়িত্ব নিতে হচ্ছে। অভিবাসন সংকট, আশ্রয়প্রার্থী হোটেল, রেকর্ড সংখ্যক চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসী এবং সীমান্ত নিরাপত্তা এর মধ্যে রয়েছে। তবে তার নতুন দায়িত্বের বড় অংশ জুড়ে থাকবে অভিবাসন ইস্যুই।



