নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের ম/রদেহ উদ্ধার

কুমিল্লা কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ও তার মায়ের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালিয়াজুরি এলাকার নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া কুবির লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা বলেন, চার বছর আগে কুমিল্লার আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার সন্তানদের নিয়ে এ বাসায় থাকতেন। তারা অন্য কারও সাথে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তাঁর দুই ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। তারা প্রথমে ভেবেছিলেন মা ও বোন ঘুমাচ্ছেন। কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পড়া, তিনি বাসায় প্রবেশ করে এবং বেলা ১১টা ২২ মিনিটে বাসা থেকে বের হতে। আবারও তিনি বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন। তবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোন সিসিটিভির ফুটেজ পাওয়া য়ায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



