বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

আগস্টে ৬৪ নারী যৌন সহিংসতার শিকার, ৫০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক

WhatsApp Image 2025-09-02 at 9.55.29 PM

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, মব সহিংসতা, গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক।

প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টে অন্তত ১৫৯ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৪ জন ধর্ষণের ঘটনা থেকে ক্ষতিগ্রস্ত, যাদের অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক। এ সময় ১৮ জন নারী ও কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ১৩৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আগের মাসের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগস্টে অন্তত ৩৯টি ঘটনার মাধ্যমে ৭২ জন সাংবাদিক নির্যাতন, হুমকি, গ্রেপ্তার বা হত্যা-চেষ্টা সহ বিভিন্ন ঝুঁকিতে পড়েছেন। এর মধ্যে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় মো. আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ৩৩ জন সাংবাদিক আহত, ১৯ জন চাকরিচ্যুত, ১১ জন হুমকির মুখে, পাঁচজন লাঞ্ছিত এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজনৈতিক সহিংসতাও অব্যাহত রয়েছে। আগস্টে অন্তত ৬৭টি ঘটনায় চারজন নিহত এবং ৫১৪ জন আহত হয়েছেন। এই ধরনের ঘটনার বেশির ভাগই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।

মব সহিংসতা ও গণপিটুনির অন্তত ৩৮টি ঘটনায় ২৫ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। শ্রমিকদের নির্যাতন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনাও উদ্বেগজনক। আগস্টে ২০টি ঘটনায় দুই শ্রমিক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তাহীনতায় আরও ২১ শ্রমিক প্রাণ হারিয়েছেন।

এইচআরএসএস মনে করছে, সামগ্রিকভাবে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সংস্থাটি সরকারের কাছে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছে, নাগরিক সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হতে হবে।