বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

বাবা–মেয়ের সম্পর্কের গল্পে কেঁদেছে, হেসেছে কোটি মানুষ

IMG-20250902-WA0005

নওগাঁ শহরের এক জুয়েলারি ব্যবসায়ীর ঘর এখন যেন ছোটখাটো মেলায় পরিণত হয়েছে। হাতে ফুল, ফল নিয়ে আসছেন আত্মীয়–স্বজন, প্রতিবেশী, এমনকি সাংবাদিকরাও। কারণ, একটি ছোট্ট ভিডিও—যেখানে ধরা পড়েছে বাবা–মেয়ের আবেগঘন পুনর্মিলনের দৃশ্য। ভিডিওটি ছড়িয়ে পড়তেই কোটি কোটি মানুষ দেখেছেন, কেঁদেছেন, মুগ্ধ হয়েছেন, আবার কেউ কেউ ঈর্ষাও করেছেন।

ঘটনার কেন্দ্রবিন্দু নূর মোহাম্মদ। তিন মেয়ের বাবা তিনি—নূর নাহার, লামিয়া জান্নাত ও মালিহা জান্নাত। গত ২৫ আগস্ট মেজ মেয়ে লামিয়া হঠাৎ করেই ঢাকার বাসা থেকে কোনো পূর্বাভাস ছাড়াই চলে আসেন বাবার বাড়ি নওগাঁয়। দরজা খুলে তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান বাবা। আবেগে মেয়ের কপাল ছুঁয়ে দেখতে থাকেন, যেন বিশ্বাসই করতে পারছেন না! কথার মাঝেই হাহাকার মিশ্রিত স্বীকারোক্তি, “বিয়ে দিলে মেয়েরা হারিয়ে যায়।” পাশেই মেয়ে লামিয়ার খুনসুটি, “তাহলে বিয়ে দিয়েছিলে কেন?”

এই মুহূর্তটিই ছোট মেয়ে মালিহা মোবাইলে ধরে রাখেন। পরে ফেসবুকে আপলোড হতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া নিয়ে আনন্দ–অসুবিধা

ভিডিওটি নূর পরিবারের জন্য যেমন আনন্দ বয়ে এনেছে, তেমনি অস্বস্তিও তৈরি করেছে। অনেকে ভিডিওটি নিজেদের বলে দাবি করছেন, এমনকি নূর মোহাম্মদকে নিজেদের বাবা হিসেবেও প্রচার করছেন। লামিয়া নিজেও বললেন, প্রথমে ভাইরাল হওয়াটা ভালো লেগেছিল, কিন্তু এখন নানা প্রতিক্রিয়ায় তিনি মানসিকভাবে চাপে আছেন।

তিনি জানান, বড় বোন নূর নাহারও একবার কাউকে না জানিয়ে নওগাঁ গিয়েছিলেন। তখনো বাবা–মায়ের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছিল। তবে আরেকটি ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে সেটি প্রকাশ করা হয়নি।

এদিকে নূর মোহাম্মদ নিজে চিন্তিত এআই প্রযুক্তির কারণে—ভিডিও কেউ ভুলভাবে ব্যবহার করবে কি না, সেটা নিয়েই তার দুশ্চিন্তা।

মেয়েদের সঙ্গেই ভরসা

নূর মোহাম্মদের সংসারে ছেলে নেই। প্রথম দিকে কিছুটা আক্ষেপ থাকলেও এখন মেয়েরাই তার সম্পদ, ভরসা ও আশ্রয়—এমন বিশ্বাস জন্মেছে। তিনি বলেন, “ছেলে না থাকায় আগে হয়তো আক্ষেপ ছিল। কিন্তু এখন জানি, মেয়েরাই আমার শক্তি। ওরা খারাপ কিছু করবে না, এ বিশ্বাস থেকে শান্তি পাই।”

মেয়েদের সাফল্য, পড়াশোনা, অনলাইন ব্যবসা—সবকিছুতেই তিনি গর্ব অনুভব করেন। এমনকি তিনি মনে করেন, প্রয়োজনে ছোট মেয়ে মালিহাই তার ব্যবসার দায়িত্ব নিতে পারবে।

নিজের জীবনের অভিজ্ঞতা টেনে নূর মোহাম্মদ বলেন, “আমি চাই অন্য বাবারাও যেন সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। দেখছি অনেক বাবা আক্ষেপ করছেন—এমন সম্পর্ক না রাখায় ভুল করেছেন। আজকের সময়ে সম্পর্কই আসল ভিত্তি। বাবা–মায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ৮০ শতাংশ ক্ষেত্রেই সন্তান খারাপ পথে যায় না।”

তার কাছে মেয়েরা যেমন নিঃশর্ত ভরসা, তেমনি মেয়েদের কাছেও তিনি একজন বন্ধুর মতো। তাই এই ভিডিওর সাড়া পাওয়া তার কাছে অপ্রত্যাশিত হলেও, যদি তা অন্য বাবা–সন্তানের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে—তাহলেই হবে তার কাছে সবচেয়ে বড় পাওয়া।