‘লাক্স সুপারস্টার ২০২৫’ এর বিচারকের আসনে জয়া
ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত ছয় মাসে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচ সিনেমা। এবার অভিনয়ের বাইরে প্রথমবার বিচারকের আসনে থাকছেন জনপ্রিয় এই...

ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত ছয় মাসে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচ সিনেমা। এবার অভিনয়ের বাইরে প্রথমবার বিচারকের আসনে থাকছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাই নতুন এ দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।
সম্প্রতি শুটিং শেষ করে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হওয়া ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর এবারের আসরে বিচারক হিসাবে থাকা প্রসঙ্গে জয়া বলেন, ‘নারীদের নিয়ে এমন একটি আয়োজনে একজন মেন্টর হিসাবে থাকতে পেরে আমি গর্বিত। আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা। এ আয়োজনের মধ্য দিয়ে আমার বার্তা থাকবে, আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।’
জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসাবে থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
২০০৫ সালে যাত্রা শুরু করা রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে একঝাঁক তারকা। শানারেই দেবী শানু, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ এদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদনধর্মী এই প্রতিযোগিতামূলক আয়োজন।


