এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ইনসাফ’

প্রথমবারের মতো ওটিটিতে আসছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকির পর্দায় মুক্তি পাচ্ছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় রেখেই ‘ইনসাফ’ সিনেমা মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে থেকেই সিনেমাটি বেশ আলোচনায় ছিল, পোস্টার নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছিল সিনেমাটি। সিনেমার পোস্টারে দেখা গিয়েছিল শরীফুল রাজকে—রক্তাক্ত কুড়াল হাতে, মুখে রহস্যময় মুচকি হাসি। ক্যাপশনে লেখা ছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ।’ এরপর এল মোশাররফ করিমের পোস্টার, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’ আর তাসনিয়া ফারিণকে দেখা গেল এক হাতে রক্তাক্ত কুড়াল, অন্য হাতে গোলাপ—চরিত্রের নাম ‘জাহান’।
সিনেমাটিতে ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি ছিলেন একজন চিকিৎসকের চরিত্রে। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফারও আছেন সিনেমাটিতে।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, “ইনসাফ” চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকেরাও সিনেমাটি দেখতে পারবেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর “ইনসাফ”–এর কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব ওটিটিতে মুক্তির পরও এটা হবে। তিনি আরও বলেন, সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া।

তবে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবারই প্রথম মূলধারার বাণিজ্যিক সিনেমায় নায়িকা হিসেবে হাজির হলেন। ‘আরও এক পৃথিবী’ দিয়ে কলকাতায় অভিষেক হয়েছিল তাঁর। তবে ভিন্নধর্মী এই সিনেমায় চ্যালেঞ্জ নিতে হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাই, তখন ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনিং করতে হয়েছে। ফাইট ডিরেক্টরদের কাছ থেকে ধারণা নিতে হয়েছে। ক্যামেরার সামনে অ্যাকশন পারফর্ম করা একেবারেই আলাদা অভিজ্ঞতা। সত্যি বলতে, এই দৃশ্যগুলো করতে গিয়ে আমি একাধিকবার আঘাত পেয়েছি।’



