বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

সৌরভীর হ্যাটট্রিকে নেপালকে রুখে দিলো বাংলাদেশ

WhatsApp Image 2025-08-27 at 7.16.23 PM

বাংলাদেশের মেয়েরা আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে প্রাণপণ খেলল। হারলে শিরোপার দৌড় থেকে বিদায়, জিতলে থেকে যায় টিকে থাকার আশা—এমন সমীকরণ নিয়েই থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয় তারা।

শেষ পর্যন্ত সৌরভী আকন্দের দুর্দান্ত হ্যাটট্রিক আর থুইনু মারমার এক গোলের সুবাদে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথমার্ধে তেমন আক্রমণাত্মক না হলেও ৩৮ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে থুইনুর গোল দলকে এগিয়ে দেয়। যোগ করা সময়ে মামনি চাকমার পাস থেকে সৌরভীর বাঁ-পায়ের শট ব্যবধান দ্বিগুণ করে। তবে বিরতিতে যাওয়ার আগে নেপালের অধিনায়ক ভূমিকা এক গোল শোধ করে দেন, ফলে ব্যবধান দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করে খানিকটা হতাশ হলেও শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ছন্দ খুঁজে পায়। ৭১ মিনিটে কর্নার থেকে সৌরভীর দ্বিতীয় গোল এবং ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রসে তার হ্যাটট্রিক পূর্ণ হয়।

এই জয়ের পরও শিরোপার সমীকরণ সহজ হয়নি। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টটি ডাবল লিগ ভিত্তিতে হওয়ায় শিরোপা নিশ্চিত করতে পরবর্তী দুটি ম্যাচ—ভুটান ও ভারতের বিপক্ষে—জিততেই হবে।

বর্তমানে ভারতের অবস্থা অনেক সুবিধাজনক। তারা তিন ম্যাচে ১৭ গোল করেছে, গোল হজম করেনি একটিও; গোল ব্যবধান +১৭। অন্যদিকে বাংলাদেশ গোল দিয়েছে ১০টি, খেয়েছে ৪টি; ব্যবধান +৬। ভারত আজ ভুটানকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২।

তবে নিয়ম অনুযায়ী, শেষ ম্যাচে যদি শীর্ষ দুই দল—বাংলাদেশ ও ভারত—সমান পয়েন্টে থাকে, তাহলে গোল ব্যবধান দেখা হবে না। ম্যাচ সরাসরি যাবে টাইব্রেকারে। তাই বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য—আগামী দুই ম্যাচে জয়, তারপর ভারতের বিপক্ষে ফাইনাল সমীকরণের মতো ম্যাচে টাইব্রেকার নিশ্চিত করা।

অর্থাৎ, ভারতকে হারানো ছাড়া শিরোপা জয়ের স্বপ্ন বাঁচবে না বাংলাদেশের।