চাকরি থেকে সরে যাচ্ছেন নারীরা, যুক্তরাষ্ট্রে কেন বাড়ছে এ প্রবণতা

যুক্তরাষ্ট্রের নারীর কর্মজীবন থেকে সরে আসছে। দিন দিন সরে দাঁড়ানোর এ প্রবণতা বেড়েই চলছে।
মার্কিন সরকারের সর্বশেষ চাকরির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ২ লাখ ১২ হাজার নারী কর্মক্ষেত্র ছেড়ে দিয়েছেন। কিন্তু এ সময়ে ৪৪ হাজার পুরুষ নতুনভাবে কর্মজীবনে প্রবেশ করেছেন। তবে নারী ও পুরুষের এই বিপরীতমুখী প্রবণতা বড় কিছুর ইঙ্গিত দেয়। এখন অনেক উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে সফল নারী তাঁদের কর্মজীবন নিয়ে নতুন করে ভাবছেন। দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে এগিয়ে চলা অনেক নারী এখন খণ্ডকালীন চাকরি করছেন কিংবা একেবারেই ছেড়ে দিচ্ছেন।
বিভিন্ন জরিপে দেখা গেছে, কোভিড-১৯-এর পরবর্তী সময়ে চাকরি ছাড়ার বা অফিসে সময় কমিয়ে দেওয়ার কথা ভাবছেন, এমন নারীর সংখ্যা বেড়েছে। কেউ সন্তানকে সময় দিতে চেয়েছেন, কেউ নিজের বস হতে চেয়েছেন, কেউ আবার সম্পূর্ণ নতুন কিছু করতে চেয়েছেন। তবে অনেকে ছাঁটাইয়ের মতো বাধ্যবাধকতায় কাজ ছাড়তে বাধ্য হয়েছেন।
সাংবাদিক ইসি ল্যাপওস্কি ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত তাঁর একটি প্রতিবেদনে এ প্রবণতাকে ‘পাওয়ার পজ’ নামে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘মহামারির পর আমাদের সবার মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে, এক নতুন ধরনের অগ্রাধিকারের বোধ সৃষ্টি হয়েছে। আমরা এখন ভাবছি, কাজের পাশাপাশি জীবনে আর কোন কোন বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ মহামারির পর দেখা গেছে, অনেক নারী স্বেচ্ছায় ‘স্টে অ্যাট হোম মম’ হয়েছেন। অনেকে খণ্ডকালীন বা বাসা থেকে কাজ করার পথ বেছে নিয়েছেন।
সুত্র: বিবিসি



