বক্সার আফরা, ফুটবল মাঠেও সমান দক্ষ

শুরুটা ফুটবল দিয়ে, স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। নিজের সেই স্বপ্ন সরিয়ে রেখে ভর্তি হন বিকেএসপির বক্সিং বিভাগে। সেখান থেকেই শুরু নতুন লড়াই। পরিবারের সমর্থন, বাবার কড়া শাসন আর বোনের প্রেরণায় পৌঁছেছেন জাতীয় পর্যায়ে। খেলেছেন জাতীয় নারী বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালও। বলছিলাম আফরা খন্দকারের কথা।
তবে ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি তাই বক্সিংয়ের পাশাপাশি বেছে নিয়েছেন রেফারিং। এখনো মূল ম্যাচ পরিচালনার সুযোগ না এলেও সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে বাফুফের জেএফএ অ-১৪ টুর্নামেন্টের বাছাইপর্বে দায়িত্ব পালন করছেন তিনি।

রেফারিতে কীভাবে আসলেন এটা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একসময় ফুটবল খেলেছি, তো ইচ্ছা ছিল রেফারি হওয়ার। বাবার অনুপ্রেরনায় এগিয়ে আসি। আমাদের জয় আপু (জয়া চাকমা রেফারি) আছেন, তাকে দেখেছি। তিনি যখন ফিফা রেফারি হয়েছে সেটা দেখেই মূলত ইচ্ছা জেগেছে যে আমিও রেফারি হবো। পরে ধীরে ধীরে এই পেশায় চলে এসেছি। রেফারিং করাটাও একটা শিল্প।’
জানা যায়, ২০২১ সালের পর থেকে অনেক টুর্নামেন্টই তিনি দায়িত্ব পালন করেছেন।সাতক্ষীরাতে অনূর্ধ্ব ১৪-১৭ দের যখন খেলা হয় সেখানে তিনি সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এখনো মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নি। অ্যাসিস্টেন্ট বা ফোর্থ রেফারির দায়িত্বই বেশি পালন করেছেন। এছাড়াও দিনাজপুর,গোপালগঞ্জ, শেরপুর, রাজশাহী, মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিলেন।



