১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘সাবা’ নিয়ে আশাবাদী মেহজাবীন চৌধুরী

WhatsApp Image 2025-08-25 at 7.35.19 PM (1)

প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ দিয়েই দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাফল্যের পর এবার তিনি অপেক্ষায় আছেন নিজের দ্বিতীয় সিনেমা ‘সাবা’ মুক্তির।

ইতোমধ্যে সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্নেও জায়গা করে নিয়েছে ছবিটি।

দেশে কবে মুক্তি পাবে ‘সাবা’?—এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন গণমাধ্যমকে বলেন, “এটুকু বলতে পারি, যে কোনো সময় সিনেমাটি মুক্তি পেতে পারে। বিভিন্ন উৎসবে দেখানো হয়েছে, প্রশংসাও মিলেছে।”

মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটিতে সাবা চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন। অভিনেত্রীর ভাষায়, “বিশ্বের অনেক দেশে ছবিটি প্রদর্শিত হয়েছে এবং গুণী চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে দর্শকরা প্রশংসা করেছেন। দেশের দর্শকেরাও ভিন্নধর্মী একটি সিনেমা দেখতে পাবেন। গল্পে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, যা সবাই বুঝতে পারবেন।”

সিনেমা নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা দেখবেন, তারাই বুঝতে পারবেন কেন এটি এতগুলো উৎসবে প্রশংসা পেয়েছে। আশা করছি, দেশের দর্শকদের কাছেও সমানভাবে ভালো লাগবে।”

সম্প্রতি ফ্রান্স, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড ও ব্যাংকক ঘুরে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এ বছরই নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে তার বিয়ে হয়। সংসার নিয়ে জানতে চাইলে তিনি জানান, “আমরা খুব ভালো আছি।”