অটোভ্যান-পিকআপ সংঘ/র্ষে মায়ের প্রাণহানি, দুই শিশু রক্ষা পেলো

রাজশাহীর বাগমারায় আজ রোববার সকাল ১১টার দিকে হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামা এলাকায় মাছবাহী পিকআপের সঙ্গে যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন চেউখালী গ্রামের শহিদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের ফুলজান বেগম (৩২)। দুর্ঘটনার সময় ফুলজান বেগমের ৭ ও ১১ বছরের দুই সন্তান ভ্যান থেকে ছিটকে পড়ে বেঁচে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তাহেরপুর থেকে চেউখালী গ্রামের দিকে যাচ্ছিল চার যাত্রীসহ একটি অটোভ্যান। রামরামা চেয়ারম্যানবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। দুজনের শরীরের ওপর দিয়ে পিকআপ চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া এক শিশু ও এক কিশোরসহ আরও তিনজন আহত হন। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সোহায়েল রানা জানান, নিহত গৃহবধূর দুই সন্তান ভাগ্যক্রমে বেঁচে গেছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে।
ছবিঃ প্রথম আলো



