পঞ্চগড়ে পুকুরে ডুবে ৩ শিশুর প্রাণহানি

পঞ্চগড়ের সদর ও আটোয়ারী উপজেলায় পুকুর ও ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে আলাদা এই তিনটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—সদর উপজেলার ফুটকিপাড়া গ্রামের জহিরুল ইসলামের দুই বছর বয়সী ছেলে আবদুল্লাহ আদনান, আটোয়ারী উপজেলার চুচুলি পাটেশ্বরী গ্রামের সুজন ইসলামের মেয়ে ও টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নী আরা (১৪) এবং একই উপজেলার মণ্ডলেরহাট গ্রামের অনিক চন্দ্র রায়ের চার বছরের ছেলে মোহন চন্দ্র রায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান বলেন, ‘আদনান বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে পাশের পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘মুন্নী বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে গিয়েছিল। কিন্তু সাঁতার না জানায় ডুবে যায় সে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, বিকেলের দিকে মোহন খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে পাওয়া যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাগুলো নিয়ে পৃথক অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।



