২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

“আমাকে আগে অভিনেত্রী নয়, ইসরায়েলি হিসেবে দেখা হয়েছে”— গ্যাল গ্যাদত

_gal-gadot

হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতের অভিনীত ডিজনির আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’ প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। মুক্তির পর থেকেই ছবিটি সমালোচনা ও বয়কটের মুখে পড়ে। ফলে বক্স অফিসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে নির্মাতারা।

অনেকের মতে, সিনেমার ব্যর্থতার অন্যতম কারণ গ্যাল গ্যাদতের ব্যক্তিগত অবস্থান। ইসরায়েলি এই অভিনেত্রী বরাবরই ইসরায়েল সমর্থক হিসেবে পরিচিত। ফিলিস্তিনে হামলার কারণে বিশ্বব্যাপী যে ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে সিনেমাটির ওপরও। অনেক দর্শক তার উপস্থিতির কারণে ছবি দেখা থেকে বিরত থেকেছেন।

তবে গ্যাল গ্যাদতের মতে, শুধুমাত্র তার রাজনৈতিক অবস্থানকে দায়ী করা একপাক্ষিক বিচার হবে। সম্প্রতি ইসরায়েলের একটি টকশোতে তিনি বলেন, ৭ অক্টোবরের পর থেকেই সেলিব্রিটিদের ওপর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চাপ বেড়ে যায়। সেই সময় তিনি তীব্র প্রতিক্রিয়ার শিকার হন। গ্যাদতের ভাষায়—
“মানুষ আমাকে আগে ইসরায়েলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়।”

একই সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে জানান, কোনো সিনেমার সাফল্য বা ব্যর্থতা অনেক কিছুর ওপর নির্ভর করে। বাইরের চাপ একটি কারণ হলেও সেটিই মূল কারণ নয়। সফলতা কখনো নিশ্চিত নয়—এটিই বাস্তবতা।

সহঅভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে গ্যাদত ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, শুটিংয়ের সময় ভীষণ উপভোগ করেছেন। তবে শেষ পর্যন্ত ছবিটি বড় সাফল্য না পাওয়ায় খানিকটা হতাশ হয়েছেন।

শোনা যাচ্ছে, ‘স্নো হোয়াইট’ বক্স অফিসে প্রায় ১১৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

Advertisements
Advertisements