১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

অভিনেত্রী হিমির গুরুতর অ/ভিযোগ ও দুঃসাহসী অভিজ্ঞতা

himi_2_20250424_170208413 (1)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সম্প্রতি একদিকে যেমন অভিযোগ তুলেছেন প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে, অন্যদিকে তেমনি দুঃসাহসী এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন কানাডায় অবকাশ যাপনের সময়।

বর্তমানে কানাডায় অবস্থান করছেন হিমি। সেখান থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। অভিনেত্রীর দাবি, অনুমতি না নিয়ে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লিখে পোস্ট করছে সংস্থাটি। যা শিল্পীদের জন্য অসম্মানজনক এবং বিভ্রান্তিকর।

হিমি তার পোস্টে লেখেন, “লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।”

তিনি আরও জানান, এসব পোস্টের কারণে দর্শক বিভ্রান্ত হচ্ছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তাই তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিযোগের পর লেজার ভিশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়। তাদের বক্তব্য, এটি ছিল অনিচ্ছাকৃত ভুল। পরে হিমি আরেকটি পোস্ট দিয়ে জানান, ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড সরিয়ে ফেলেছে লেজার ভিশন। এজন্য প্রতিষ্ঠানকে ধন্যবাদও জানান তিনি।

অভিযোগ-অভিমান পেরিয়ে ভক্তদের জন্য ভিন্ন এক চমকও দিলেন হিমি। অবকাশ যাপনের ফাঁকে কানাডার মন্ট্রিয়ালে গিয়ে ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প করেন তিনি। জীবনের প্রথম এ দুঃসাহসী অভিজ্ঞতার শুরুতে ভয় কাজ করলেও শেষ পর্যন্ত সাহস করে লাফ দেন তিনি এবং সুস্থভাবেই নিচে নামতে সক্ষম হন।

এই ঘটনার ভিডিও প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় তিন লাখ মানুষ দেখেছে। ভক্তরা মন্তব্যে তার সাহসের ভূয়সী প্রশংসা করেছেন।

এছাড়া কানাডা ভ্রমণের সময় নানা ছবি ও ভিডিও শেয়ার করে আলোচনায় আছেন হিমি। কখনো রোদচশমা পরে পোজ, আবার কখনো হাস্যোজ্জ্বল সেলফি—সবই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর নাটকে অভিষেক ঘটে জান্নাতুল সুমাইয়া হিমির। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি এবং বিশেষ করে অভিনেতা নিলয়ের সঙ্গে তার জুটিবদ্ধ নাটকগুলো দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Advertisements