বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

‘স্কুল ফর হাজব্যান্ড’ নামে সেনেগালে বিশেষ স্কুল

senegal

সেনেগালে একটি বিশেষ স্কুল চালু করেছে জাতিসংঘ। এখানে শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। সেনেগালে পরিবারের যেকোনো বড় সিদ্ধান্তে নারীদের মতামত নেওয়া হয় না। নারীদের একান্ত বিষয়গুলোর জন্যও পরিবারের পুরুষ সদস্যের অনুমতি নিতে হয়। এই বিষয়গুলোতে পরিবর্তন আনতে দেশটিতে বিশেষ এই কর্মসূচি চালু করেছে জাতিসংঘ।

সেনেগালে এই কর্মসূচিটি ২০১১ সাল থেকে চালিয়ে আসছে জাতিসংঘ। সেনেগালজুড়ে এই প্রকল্পের প্রায় ২০টি স্কুল রয়েছে। এই কর্মসূচিতে নারী অধিকার, সমতা এবং নিরাপদ যৌনতাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

‘স্কুল ফর হাজব্যান্ড’ নামের এই স্কুলে শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। গৃহস্থালী কাজে পুরুষদের কেন স্ত্রীকে সাহায্য করা উচিৎ। এপির প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সমাজের পুরুষ সদস্যদের মধ্যে বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পুরুষত্ব (পজিটিভ ম্যাসকুলিনিটি) জাগিয়ে তোলা। ইমাম ইব্রাহীম ডায়ান এপিকে জানান, এই অঞ্চলের মানুষ ধর্মের প্রতি প্রচণ্ড সংবেদনশীল। জেন্ডার এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্ক, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শুরু করে এইচআইভির মতো রোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

শুক্রবার জুমার নামাজের পরের খুৎবাতেও এসব নিয়ে আলোচনা করেন ইব্রাহীম। অনেক নারী তার খুৎবা এবং স্কুল ফর হাসবেন্ডের ক্লাসগুলো করার পর তাদের স্বামীদের আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে। এমনকি পুরুষেরাও তাকে জানিয়েছেন যে, তারা এখন একজন স্বামী এবং বাবা হিসেবে নিজেদের আরও উন্নত করতে চান।

সেখানকার পুরুষদের মধ্যে ইতোমধ্যে বেশ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একসময় যারা নারীদের সহয়তা করতো না কিন্তু এই বিশেষ স্কুলের মাধ্যমে তাঁরা বিভিন্ন বিষয় উপলব্ধি করতে পারছেন।