বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৪ জুন, ২০২৬
নারী

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদ্রাসার দুই আবাসিক ছাত্রীর মৃ/ত্যু

hat

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মাদ্রাসার দুইজন ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা দুজনই স্থানীয় ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। গতকাল শুক্রবার গভীর রাতে হঠাৎ পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে একজন ছাত্রী আগেই মারা যায়। অপর একজন চিকিৎসা শুরুর আগেই মারা যায়।

একজন রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও আরেকজন বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানায়, গতকাল রাতে মাদ্রাসাটিতে ১৩ জন ছাত্রী ঘুমিয়েছিল। রাতে তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটব্যথা ও বমি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলিম জানান, ভোর চারটার দিকে দুজন ছাত্রীকে হাসপাতালে আনা হয়। একজনের পায়ের দিকে সামান্য ক্ষত ছিল। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, লাশ দুটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।