১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

গান নিয়ে স্বপ্নের কথা জানালেন ক্লোজআপ ওয়ানের লিজা

WhatsApp Image 2025-08-14 at 4.33.37 PM

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সানিয়া সুলতানা লিজা নামটি পরিচিত এক উজ্জ্বল তারা। ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত গান করে যাচ্ছেন। স্টেজ শো থেকে শুরু করে মৌলিক গান, ফোক এবং মাটির গান সহ সব ক্ষেত্রেই লিজা নিজের অবস্থান তৈরি করেছেন দৃঢ়ভাবে।

সম্প্রতি ইউরোপ সফর শেষে ঢাকায় ফিরেছেন তিনি। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ড ও স্পেনে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে মঞ্চ মাতিয়েছেন এই কণ্ঠশিল্পী। বিদেশি মাটিতে শো করার অভিজ্ঞতা নিয়ে লিজা বলেন, “দেশের বাইরে গাইতে সবসময়ই ভালো লাগে, তবে দেশের মঞ্চেও সেই অনুভূতি কম নয়। দুই রকম আনন্দের স্বাদ মেলে।” বৈশাখী পোশাক, বাঙালি খাবার আর সংগীত—সব মিলিয়ে ছিল প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব।

ঢাকায় ফিরেও থেমে থাকেননি তিনি। আইনজীবী ও চিকিৎসকদের আয়োজনে দুটি শো করেছেন, সঙ্গে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। বিটিভি এবং বেতারকে নিজের ‘স্বপ্নের জায়গা’ হিসেবে উল্লেখ করে লিজা বলেন, “যেমন অনেকের জন্য সিনেমা স্বপ্নের জায়গা, আমার জন্য বেতার ও বিটিভি তেমনই। এখানে গান করা আলাদা এক অনুভূতি।”

মৌলিক গানের পাশাপাশি ফোক গান পরিবেশন করতেও তিনি ভীষণ ভালোবাসেন। লিজার মতে, ফোক ও মাটির গানের আবেদন সব সময়ই বেশি। তাই শ্রোতাদের ভালোবাসা মাথায় রেখেই তিনি এগিয়ে নিচ্ছেন তার সঙ্গীত-জীবন। একই সঙ্গে মিউজিক ভিডিও নিয়েও কাজ করছেন তিনি।

গানকে পেশা হিসেবে ধরে রাখতে কী লাগে?- এমন প্রশ্নে লিজা বলেন, “প্রথমেই দরকার ধৈর্য। সাধনা তো লাগবেই! নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে, হতাশ হলে চলবে না। পরিবার থেকেও সমর্থন থাকা জরুরি। হাঁটতে হাঁটতে জিততে হয়।”

ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তার ভাবনা এখনো প্রথম দিনের মতোই স্পষ্ট বলে জানান তিনি। তিনি বলেন, “আমি এমন গান গাইতে চাই, যা মন খারাপের সময় মানুষ মনে করবে, আনন্দের সময়ও মনে করবে। সেই গানই হবে আমার পথচলার সঙ্গী।”

সঙ্গীতের প্রতি ভালোবাসা, অক্লান্ত সাধনা আর স্বপ্ন পূরণের অবিরাম যাত্রা- এই তিনের মেলবন্ধনে সুরের ভুবনে লিজা এগিয়ে যাচ্ছেন অবিচল পায়ে। তার কণ্ঠে গাওয়া গান আগামী দিনগুলোতে আরও বহু হৃদয় ছুঁয়ে যাবে—এমন প্রত্যাশাই যেন রাখে শ্রোতারা।

Advertisements