২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

না ফেরার দেশে ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা খানম

daksu

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একমাত্র নারী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহফুজা খানম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজা খানম ঢাকার ইন্দিরা রোডে তাঁর স্বামী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে থাকতেন। বিষয়টি শফিক আহমেদের চেম্বার থেকে নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্বামী শফিক আহাম্মেদসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৬৬-৬৭ সালের ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাহফুজা খানম ভিপি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে পাসপোর্ট না দেওয়ায় সেখানে যেতে পারেননি।

শিক্ষকতা করার পাশাপাশি তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন ।

তিনি ২০১৩ সালে ‘অনন্যা শীর্ষ দশ ২০১৩’ পুরস্কার ও সম্মাননা পান। শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক অর্জন করেন। পাশাপাশি মাহফুজা খানম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন ছিলেন।

Advertisements
Advertisements