সুযোগ পেলেই ঘুরতে যান রুনা খান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান, অভিনয়ের মায়ায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। ক্যারিয়ারের ঝুলিতে জমেছে একের পর এক প্রশংসি...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান, অভিনয়ের মায়ায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। ক্যারিয়ারের ঝুলিতে জমেছে একের পর এক প্রশংসিত সিনেমা। এখনো থামেননি তিনি, বরং কাজের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন প্রকল্প।
সম্প্রতি তিনি একসঙ্গে তিনটি সিনেমা ও একটি শর্ট ফিল্মে কাজ শেষ করেছেন। মাসুদ পথিক পরিচালিত ,বক’ এর ডাবিং শেষ করেছেন ক’দিন আগে। কৌশিক শংকর দাশের দাফন এর শুটিং ও ডাবিং শেষ হয়েছে। তবে জাহিদ হোসেন পরিচালিত লীলামন্থন এর ডাবিং এখনো বাকি। সোহেল রানা বয়াতির শর্ট ফিল্ম ‘ নিদ্রাসুর’ এর শুটিংও শেষ হয়েছে। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন এক সিনেমায়- নাম চলচ্চিত্র, যার পরিচালক আলী জুলফিকার জাহেদী। এই সিনেমায় তিনি নায়িকার চরিত্রে অভিনয় করবেন।
কাজের ফাঁকে সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন রুনা খান। সম্প্রতি সপরিবারে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র ও তুরস্ক। আমেরিকার চারটি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতার মধ্যে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম তার মনে গেঁথে গেছে সবচেয়ে বেশি। তিনি বলেন, “ মেয়ের ইচ্ছে ছিল, তাই গিয়েছিলাম। পিকাসো, ভ্যানগগসহ অসংখ্য কিংবদন্তি শিল্পীর আঁকা ছবি সরাসরি দেখা ছিল স্বপ্ন পূরণের মতো।”
কাজ আর ভ্রমণের বাইরে রুনা খানের আরেকটি প্রিয় জায়গা তার নিজের বারান্দা। নানা ফুলগাছ আর সবুজের সঙ্গেই তিনি খুঁজে পান শান্তি। অবসরে গান শোনেন, সময় কাটান প্রিয় গাছগুলোর সঙ্গে।
রুপালি পর্দার উজ্জ্বল আলো থেকে শুরু করে সবুজের ছায়া যেখানে রুনা খান তার জীবন সাজিয়েছেন ভালোবাসা, শিল্প আর প্রকৃতির মেলবন্ধনে।


