শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত ক/বর দেওয়ার অভিযোগ স্বামীর বিরু/দ্ধে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্বামীর বিরুদ্ধে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান তার স্ত্রীকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে উঠানে নিয়ে আসেন। এ সময় তাঁর নাতি খোকন(১৯) ভিডিওটি মোবাইলে ধারণ করেন এবং ফেসবুকে প্রকাশ করেন।
জানা যায়, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে নিয়মিত নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ঘটনার দিন ওই নারী বিছানায় মলত্যাগ করায় খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায়।
প্রতিবেশীরা জানান, খলিল সাধারণত কারও সঙ্গে ঝামেলায় জড়ান না। কিন্তু স্ত্রীর দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসা ব্যয়ের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওঠেন। তবে বিষয়টি যে এত দূর গড়াবে তা কেউ কল্পনাও করেননি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, ভিডিওটি দেখার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “ ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”



