বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

বিমান বিধ্ব/স্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোনে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

mil col

যুদ্ধবিমান বিধ্বস্তের সেই বিভীষিকাময় ঘটনার ১৫ দিন পর আজ বুধবার আবার ক্লাসে ফিরেছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ধ্বংসস্তূপের ছায়া সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। সকাল সাড়ে আটটার দিকে শুরু হয় পাঠদান কার্যক্রম।

মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান,’ আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য একধরনের নতুন শুরু। কয়েক সপ্তাহ আগে যারা ধোঁয়া, আগুন আর আতঙ্কে আচ্ছন্ন হয়েছিল, তারা আজ আবার খাতা-কলম হাতে শ্রেণিকক্ষে ফিরেছে।’

এর আগে গত রোববার শিক্ষার্থীরা প্রথম ক্যাম্পাসে ফিরলেও সেদিন পাঠদান হয়নি। যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয়েছিল দোয়া ও শোক সভা। সেদিন শিক্ষার্থীরা শিক্ষক-বন্ধুদের সঙ্গে আবেগঘন কিছু সময় কাটিয়ে বাড়ি ফিরে গিয়েছিল।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ৩৪ জনের প্রাণহানি ঘটে। এখনো কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই মানসিক আঘাত থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটিতে গড়ে তোলা হয়েছে একটি বিশেষ কাউন্সেলিং সেন্টার। সেখানে মনোবিজ্ঞানীরা শিক্ষার্থীদের মানসিকভাবে পুনরুদ্ধারে কাজ করছেন। এছাড়াও কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে শিক্ষক ও অভিভাবকদেরও, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন দুর্ঘটনার সেই ভয়াবহ মুহূর্তের।

আজকের দিনটি তাই শুধু ক্লাসে ফেরার নয়, এক নতুন যাত্রারও প্রতীক।আতঙ্কের ছায়া থেকে শিক্ষাজীবনের আলোয় ফেরার এক সাহসী পদক্ষেপ।