নারী রাজনীতির ক্লান্ত যোদ্ধা, সরে দাঁড়ালেন লিজা

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নগর শাখার নেত্রী ও সুপরিচিত রাজনৈতিক মুখ ফাতেমা খানম লিজা আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্ত জানান।
স্ট্যাটাসে লিজা লিখেছেন, ” রাজনীতির অঙ্গনে কখনো শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না। আমি আজ বিদায় নিচ্ছি, তবে আমার স্থানে কেউ না কেউ আসবে হয়তো আরও যোগ্য, আরও প্রতিশ্রুতিবদ্ধ একজন।” চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতায় নারীদের জন্য জায়গা কতটা অনিরাপদ ও প্রতিকূল তা স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি। ” এই শহরে কোনো নারী রাজনীতিতে আসতে চাইলে তার জন্য কী অপেক্ষা করে আছে আমি জানি না,” বলতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও বলেন লিজা। দলীয় সহকর্মীদের কাছ থেকে সহিংসতা, হেয় করা, অপমান এবং ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
রাজনীতির পেছনে থাকা নিজের স্বপ্ন ও দায়বদ্ধতার কথা স্মরণ করে লিজা লেখেন, ” আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম হয়তো তা সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করিনি। শহীদদের প্রতি আমার শ্রদ্ধা অটুট। আমি গর্ব করে বলতে পারি আমার অবস্থান ছিল স্বচ্ছ।” তিনি বলেন, আবেগ দিয়ে রাজনীতি চলে না কিন্তু নারী হিসেবে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে তাকে। যখন নিজের দলের লোকেরাই অপমান করে তখন সেই জায়গা আর নিজের থাকে না। এটাই সবচেয়ে কষ্টের।
তিনি জানান,” হয়তো আজকের পর কেউ আমাকে রাজনীতির ময়দানে দেখবে না। আমি নিজেও ফিরবো না যতদিন না দেশের প্রয়োজন পড়ে, যতদিন না আবার কোনো রক্তিম জুলাই ডাক দেয়। যদি মাতৃভূমি আমাকে ডাকে, রাজপথ যদি আমার প্রয়োজন বুঝে আমি ফিরবো।” রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তিনি জানিয়েছেন নাগরিক হিসেবে তার দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি সম্মান কোনোদিন থেমে যাবে না। ” আমি শুধু দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। একজন নারী, একজন নাগরিক, একজন সংগ্রামী হিসেবে নয়,” এমনই বলছিলেন লিজা।



