বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
ভ্রমণ

প্যারিস-নিউইয়র্ক নয়, সবই এখন আবুধাবিতে!

Saadiyat-Cultural-source-visit-abudhabi

ভেবে দেখুন তো, সকালে লুভর জাদুঘর ঘুরে দুপুরে গুগেনহাইম জাদুঘর দেখতে গেলেন। এই দুই জাদুঘর তো দুই মহাদেশে! প্যারিস থেকে নিউইয়র্ক যেতে উড়োজাহাজে সময় লাগে ৭-৮ ঘণ্টা। তাই একদিনে এই দুই জায়গা দেখা অসম্ভবই বলা যায়। কিন্তু এখন এমনটা সম্ভব হচ্ছে, আর সেটা প্যারিস বা নিউইয়র্কে গিয়ে নয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেই!

আবুধাবির সাদিয়াত দ্বীপে তৈরি হচ্ছে একটি বিশাল সাংস্কৃতিক এলাকা ‘সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্ট’। এখানে এক জায়গায় বিশ্বখ্যাত জাদুঘরগুলোকে একসঙ্গে পাওয়া যাবে। থাকবে লুভর আবুধাবি, গুগেনহাইম আবুধাবি, জায়েদ ন্যাশনাল মিউজিয়াম, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং আধুনিক ডিজিটাল আর্ট জাদুঘর টিম ল্যাব ফেনোমেনা।

২০০৭ সালে ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি বিশেষ চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী, ফ্রান্স ৩০ বছরের জন্য আবুধাবিকে ‘লুভর’ নাম ব্যবহারের অনুমতি দেয়। বিনিময়ে আমিরাত ফ্রান্সকে প্রায় ৯৭৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে। এরপর থেকেই সাদিয়াত দ্বীপে গড়ে তোলা হচ্ছে এই সাংস্কৃতিক শহর।

২০ বছর আগে শুরু হওয়া এই প্রকল্প এখন প্রায় শেষ পর্যায়ে। ২.৫ বর্গকিলোমিটার জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে এই এলাকা। এটি প্রায় ৩০০টি ফুটবল মাঠের সমান বড়।

Advertisements

এখানকার প্রতিটি জাদুঘরের স্থাপত্য নকশা করেছেন বিশ্বের বিখ্যাত স্থপতিরা। ফ্র্যাংক গেরি, জাঁ নুভেল, নরম্যান ফস্টার তাঁদের ডিজাইন করা ভবনগুলোর নিজস্ব সৌন্দর্যেই মুগ্ধ হবেন দর্শকরা। তাই শুধু ভেতরের শিল্পকর্ম নয়, ভবনগুলোর ডিজাইনই আলাদা করে আকর্ষণ করবে পর্যটকদের। যেসব জাদুঘর থাকছে-

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম – এখানে দেখা যাবে পৃথিবী ও মহাবিশ্বের ১৩.৮ বিলিয়ন বছরের ইতিহাস। পুরো মহাবিশ্বের গল্পই যেন ফুটে উঠবে এই জাদুঘরে।

জায়েদ ন্যাশনাল মিউজিয়াম- সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদের জীবন, দেশের ইতিহাস, মরুভূমির বিবর্তন, আরব সংস্কৃতি ও আধুনিক রাষ্ট্র গঠনের নানা গল্প থাকবে এখানে।

লুভর আবুধাবি- ২০১৭ সালে চালু হওয়া এই জাদুঘর প্যারিসের লুভরের আন্তর্জাতিক শাখা। প্রাচীন মিসরীয় শিল্প, রেনেসাঁ যুগের শিল্পকর্ম থেকে শুরু করে আধুনিক শিল্পের দুর্দান্ত সংগ্রহ রয়েছে এখানে।

গুগেনহাইম আবুধাবি- নিউইয়র্কের গুগেনহাইমের নতুন ঠিকানা হলো আবুধাবি। আধুনিক ও সমকালীন শিল্পকর্মের পাশাপাশি দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার শিল্পীদের কাজও এখানে জায়গা পাচ্ছে।

টিম ল্যাব ফেনোমেনা- এই জাদুঘর একেবারে অন্য রকম। পানি, আলো, রঙ আর শব্দের খেলায় দর্শকরা যেন এক পরাবাস্তব জগতে চলে যাবেন। আপনি হাঁটবেন, আর আপনার আশপাশের পরিবেশ বদলে যাবে। এমন অভিজ্ঞতা দেবে এই ডিজিটাল আর্ট স্পেস।

সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্ট শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়। সারা বিশ্বের সাংস্কৃতিক জগতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এখানে একসঙ্গে এত বড় মাপের আন্তর্জাতিক জাদুঘর পাওয়া যাবে। এর আগে কখনো এটা হয়নি। তাই প্যারিস বা নিউইয়র্কে না গিয়েও বিশ্বের সেরা জাদুঘরের স্বাদ নিতে পারবেন দর্শকরা। আর সেটাও একদিনেই!

Advertisements