কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া! অভিনেত্রীর মজার আমন্ত্রণে মেতেছেন ভক্তরা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে নিজের গ্ল্যামার আর সাবলীল উপস্থিতি দিয়ে প্রায়ই ভক্তদের নজর কাড়েন। এবার সৌন্দর্যের পাশাপাশি রসবোধ দিয়েও আলোচনায় এলেন তিনি। ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেত্রী। তবে রয়েছে একটি শর্ত—কফির বিল দিতে হবে নিজের পকেট থেকেই!
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের কফি পানের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে অভিনেত্রীর ক্যাজুয়াল লুকেও ছিল নজরকাড়া গ্ল্যামার। ছবিগুলোতে কখনো কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, কখনো আবার মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেই ভক্তদের জন্য রেখেছেন এই মজার প্রস্তাব। জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
অভিনেত্রীর এমন খুনসুটিপূর্ণ আমন্ত্রণ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরাও মজার মন্তব্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন, জয়ার সঙ্গে এক কাপ কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাদের আপত্তি নেই।
সব মিলিয়ে, কফির কাপ হাতে জয়ার কয়েকটি ছবি আর ছোট্ট একটি ক্যাপশনই ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। অভিনেত্রীর এই সহজ-সরল ও রসিক আমন্ত্রণ নিয়েই এখন সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।



