৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৫ আশ্বিন ১৪৩৩
বিবিধ

ঢাবির চলন্ত শাটলে ছাত্রীর স্বর্ণের দুল ছিনতাই

image_333921_1790770419

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে চলন্ত শাটলে থাকা এক ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সানজিদা আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতান্ত্রিক তোরণ এলাকা থেকে শাটলে করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের কাছে পৌঁছালে সাদা পোশাক পরা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শাটলের পাশে আসেন।

একপর্যায়ে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে শাটলের কাছাকাছি এসে সানজিদার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেন। এরপর দ্রুত মোটরসাইকেল চালিয়ে ভিসি চত্বরের দিকে চলে যান বলে জানান তিনি।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন সানজিদা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ভাষ্য, হঠাৎ করে কান থেকে দুল টেনে নেওয়ায় কান ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এখনো সেই আতঙ্ক কাটেনি তার।

সানজিদা বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে, তাও আবার চলন্ত শাটলে এরকম ঘটনা ঘটল। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, কান ছিঁড়ে যায়নি। এখন তো ক্যাম্পাসে বের হতেই ভয় লাগছে। এর সমাধান আদৌ হবে কি না, জানি না।’

Advertisements

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের একদম ভেতরে এ ঘটনা মানতেই পারছি না। ঘটনার পর থেকে হলের বাইরে যেতেও ভয় লাগছে।’

ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন।

তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে আমার এখনো সরাসরি কথা হয়নি। তবে আমরা অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রক্টর। তার মতে, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ইতোমধ্যে উপাচার্যের অনুমোদন পেয়েছে।

তবে নতুন প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর সিদ্ধান্তের মধ্যেই ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের অভিযোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে সন্ধ্যার পর হলসংলগ্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি এবং নিরাপত্তাকর্মীদের উপস্থিতি কতটা কার্যকর, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল। ক্যাম্পাসের বিভিন্ন গেট ও গুরুত্বপূর্ণ স্থান দিয়ে চলাচলকারী এই পরিবহনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Advertisements