এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়লেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গাম মহিলাদের ৪৯ কেজি স্ন্যাচে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। বুধবার নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে তিনটি বিশ্বরেকর্ড গড়ে উত্তর কোরিয়াকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিলেন রি।
এই কীর্তির মধ্য দিয়ে টানা তিনটি এশিয়ান গেমস সোনা জয়ী মাত্র চারজন ভারোত্তোলকের এক অভিজাত তালিকায় জায়গা করে নিলেন তিনি। এর আগে জাকার্তা এবং হাংজু আসরেও সোনা জিতেছিলেন রি।
স্ন্যাচ বিভাগে ৯৪ কেজি ওজন তুলে প্রথম বিশ্বরেকর্ড গড়েন রি। আগের বিশ্বরেকর্ড ৯৩ কেজির চেয়ে এক কেজি বেশি তুলেছেন তিনি।

এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজির বিশ্বরেকর্ড দুই দফায় ভেঙে দেন তিনি। প্রথমে ১১৬ কেজি এবং পরে ১২১ কেজি ওজন তোলেন রি।
সব মিলিয়ে ২১৫ কেজি ওজন তুলে আগের বিশ্বরেকর্ডকে সাত কেজি ব্যবধানে ভেঙে দেন তিনি।
২০২১ সালে টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ভারতের মীরাবাই চানু তৃতীয় প্রচেষ্টায় অবশেষে এশিয়ান গেমসে পদক জিতলেন। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি মিলিয়ে সর্বমোট ১৯৮ কেজি ওজন তুলেছেন তিনি। অন্যদিকে স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি মিলিয়ে সর্বমোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার দিয়ানা ত্রি উইজায়ানা।
এশিয়ান গেমস ভারোত্তোলনে টানা তিনটি সোনা জয়ী চতুর্থ এবং প্রথম নারী ভারোত্তোলক হিসেবে ইতিহাস গড়লেন রি। এই তালিকায় তার আগে আছেন ইরানের মোহাম্মদ নাসিরি (১৯৬৬-৭৪), দক্ষিণ কোরিয়ার কিম তায়ে-হিউন (১৯৯০-৯৮) এবং ইরানের বেহদাদ সালিমি (২০১০-২০১৮)। এই তিনজনও টানা তিনটি করে সোনা জিতেছিলেন। তবে এখন পর্যন্ত কেউই টানা চারটি সোনা জিততে পারেননি।



