২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
বিবিধ

‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট

IMG_5033

জাতীয় সংসদের প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালির আঁচড়ে লেখা একাধিক হস্তলিখিত চিঠি ঘিরে সামনে এসেছে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ, ক্ষোভ ও আত্মমর্যাদার নানা বয়ান। এসব লেখা উদ্ধার হয়েছে সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে।

উদ্ধার হওয়া চিঠিগুলোতে কোথাও তীব্র অনুরাগের প্রকাশ, কোথাও প্রতারণার অভিযোগ ও ক্ষোভ, আবার কোথাও নিজেকে ‘দাবার ঘুঁটি’ হিসেবে ব্যবহৃত হওয়ার আক্ষেপ উঠে এসেছে। কিছু লেখায় রয়েছে পরিণতি নিয়ে সতর্কবার্তাও।

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি অংশে বিশ্বাসভঙ্গের আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা—

“আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।”

অন্য একটি সাদা পাতায় সম্পর্কের সামাজিক বৈধতা ও অপূর্ণতার বিষয় তুলে ধরে লেখা হয়েছে—

“সে ছিল অন্য নারীর স্বামী—কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা… অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়—ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”

Advertisements

আরেকটি লেখায় আস্থাভঙ্গের অভিযোগ তুলে বলা হয়েছে—

“সে বলেছিল—আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো—আমিই ছিলাম তোমার গেমের দাবার এক গুটি।”

সংসদের প্যাডে লেখা আরেকটি অংশে ক্ষোভের পাশাপাশি সতর্কবার্তার সুর রয়েছে। সেখানে বলা হয়েছে—

“আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। দেখে নাও, এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।”

এ ছাড়া লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত নোটে আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে—

“শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই!”

আবেগ, ক্ষোভ ও সম্পর্কের টানাপোড়েনের এসব লেখার পাশাপাশি ‘১২-০৭-২০২৬’ তারিখ দেওয়া একটি আলাদা পাতাও উদ্ধার হয়েছে। সেখানে ঘুমানোর আগে পাঠ করার জন্য ছয়টি ধর্মীয় আমল ও দোয়ার তালিকা রয়েছে। এতে কালেমা, বিভিন্ন দোয়া, আয়াতুল কুরসি এবং নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরিফ ও ইস্তিগফারের উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া এসব নথির হাতের লেখা ও বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements