৮ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৪ ভাদ্র ১৪৩৩
নারী

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

8a7b7c7309df20719a46e48102232ee1-6a9f84a24a466

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলার মেয়েরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

তবে শেষ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়িয়ে আরও দুই গোল করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশের হয়ে দুটি গোল করেন রিমন। লিজা ও লিমা করেন একটি করে গোল।

বাংলাদেশ নারী দল এবারের জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার গ্রুপে খেলছে। এই গ্রুপে এশিয়ার তুলনামূলক উন্নয়নশীল হকি দলগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে।

চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে এলিট গ্রুপের দলের বিপক্ষে পরবর্তী স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ।

এদিকে, অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ পুরুষ দল। মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।