বাঁচা-মরার ম্যাচে আমিরাতের মুখোমুখি বাংলাদেশ নারী দল

থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে পরের ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিতে এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নারী দল।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১২৯ ও ১১৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রান নিয়েও লড়াই করেছিল টাইগ্রেসরা। তবে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস ও ফিল্ডিংয়ে ভুলের কারণে ম্যাচটি হাতছাড়া হয়।
দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি মনে করেন, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে তারা নিয়মিত কাজ করছেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস কিংবা ভুল ফিল্ডিং দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই শেষ ম্যাচে এসব জায়গায় আরও সতর্ক থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। মোস্তারির ভাষায়, ‘সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’

এই ম্যাচে জয় পেলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। তবে আপাতত সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই পুরো মনোযোগ দিতে চায় টাইগ্রেসরা।



