মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গা রাখার অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।
নতুন এই ব্যবস্থার আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। শুধু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মসজিদ নয়, শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদেও এ সুবিধা চালু করা হবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণত জুমার নামাজ, তারাবিহ ও ঈদের নামাজ অথবা মুসল্লিদের চাপ বেশি থাকা মৌসুমে এসব স্থান খোলা রাখা হতো। বছরের অন্য সময় অনেক জায়গায় নারীদের জন্য নির্ধারিত অংশ বন্ধ থাকত।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারীরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। ফলে শহরে চাকরি, কেনাকাটা, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন কমবে।
তবে মদিনার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মসজিদে নববী এই নতুন সিদ্ধান্তের আওতায় পড়ছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলো পরিচালনা ও ব্যবস্থাপনার কাজে নারী কর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে মদিনার বিভিন্ন মসজিদে নারীদের নিয়মিত নামাজ আদায়ের সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



